সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬,

৩৮ কোটি টাকার গয়না চুরিতে ৩ জন রিমান্ডে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১১:৪২ পিএম

৩৮ কোটি টাকার গয়না চুরিতে ৩ জন রিমান্ডে

ঢাকা মহানগর হাকিম আদালত ভবন। ফাইল ছবি।

ধানমন্ডির একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৩৮ কোটি টাকার সোনা ও হীরার গয়না চুরির ঘটনায় গ্রেফতার তিনজনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম মো. রিপন হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া তিনজন হলেন গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টা ১০ মিনিটে ধানমন্ডি মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চুরির ঘটনাটি ঘটে শুক্রবার রাত প্রায় ১টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো এক সময়ে।
এ ঘটনায় ২৯ নভেম্বর ধানমন্ডি মডেল থানায় দণ্ডবিধির ৪৫৭, ৩৮০ ও ১০৯ ধারায় মামলা হয়েছে। এখন পর্যন্ত চুরি যাওয়া কোনো গয়না উদ্ধারের খবর পাওয়া যায়নি।
মামলায় দণ্ডবিধির ৪৫৭ ধারায় রাতে ঘরে ঢুকে চুরি, ৩৮০ ধারায় বাসগৃহে চুরি এবং ১০৯ ধারায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।