নভেম্বর ২৯, ২০২৬, ১০:৪১ পিএম
রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযানে কিশোরগ্যাংয়ের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার মোহাম্মদপুর থানার রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে ফালান গ্রুপের সক্রিয় সদস্য মো. ইমরান (২৩) ও তার সহযোগী সোহাগকে (২৫) একটি সুইচ গিয়ার চাকুসহ গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে রায়ের বাজার পাবনা হাউজিং গলি এলাকা থেকে কান্তা ফিরোজ গ্রুপের সক্রিয় সদস্য জিহাদ ওরফে পাগলা জিহাদ (২৪) ও তার সহযোগী রাব্বিকে (২৫) একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত চারজনের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় দস্যুতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মো. ইমরানের নামে ডিএমপির মোহাম্মদপুর থানায় দুটি দস্যুতার মামলা রয়েছে। সোহাগের নামে একই থানায় দস্যুতার একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
জিহাদ ওরফে পাগলা জিহাদের নামে মোহাম্মদপুর থানায় দস্যুতার দুটি মামলা রয়েছে। রাব্বির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং দস্যুতার একটি মামলা রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন