রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

বগুড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

রাজনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১০:৩৪ পিএম

বগুড়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি: সংগ্রহ।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।

রোববার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও বগুড়ার মাটিতে ভালোভাবেই আছেন এবং বিএনপি তাদের কোনো ক্ষতি চায় না।

তবে বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে তাদের জায়গা হবে না বলে হুঁশিয়ারি দেন রেজাউল করিম বাদশা। গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ, জেল-জুলুম, গুম ও খুনের বিরুদ্ধে লড়াই করেছেন উল্লেখ করে তিনি বলেন, ভয়ভীতি দেখিয়েও তাদের রাজপথ থেকে সরানো যায়নি এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এ ছাড়া জেলা ও শহর যুবদল এবং সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।