রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

সারাদেশ ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১০:৪২ পিএম

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন শুরু ১ ডিসেম্বর

খুলনায় পুলিশ সুপারের কার্যালয়। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

খুলনা জেলা ম্যাজিস্ট্রেসি এবং জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী ব্যক্তি, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ডিলার, মেরামতকারী প্রতিষ্ঠান ও সেফ কিপিংদের লাইসেন্স ২০২৭ সালের জন্য নবায়ন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

আজ রোববার খুলনা জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০২৫ অনুযায়ী লাইসেন্সধারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ফি (ভ্যাট ও উৎস করসহ) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। চালানের মূল কপি, গোলাবারুদসহ লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র নির্ধারিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত হয়ে নবায়ন সম্পন্ন করতে হবে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থানায় বা সেফ কিপিংয়ে জমা থাকলে তার রশিদ দেখাতে হবে।

এছাড়া নবায়নের সময় লাইসেন্সধারীর মোবাইল নম্বর, ইমেইল নম্বর, মূল লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে জমা দিতে হবে।

লাইসেন্সধারীকে গত বছরের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের আগে সব গোলাবারুদের হিসাব এবং থানায় দাখিলকৃত জিডির কপিসহ নির্দিষ্ট তারিখে সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হতে হবে। থানার জিডির কপি ও গোলাবারুদের হিসাব সঠিকভাবে না দিলে লাইসেন্স নবায়ন করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী কয়রা ও পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। বাটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় ৬ ডিসেম্বর, ডুমুরিয়া ও ফুলতলায় ৭ ডিসেম্বর, রূপসা ও তেরখাদায় ৮ ডিসেম্বর, মেট্রোপলিটন থানা খুলনা সদর ও লবণচরা থানা এলাকায় ৯ ডিসেম্বর, সোনাডাঙ্গা ও খালিশপুর থানায় ১০ ডিসেম্বর, দৌলতপুর থানা ও খানজাহান আলী থানায় ১৩ ডিসেম্বর, আড়ংঘাটা ও হরিণটানা থানায় ১৪ ডিসেম্বর এবং দিঘলিয়া উপজেলায় ২০ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জুডিশিয়াল মুন্সিখানা শাখা, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের ২২০ নম্বর কক্ষ থেকে লাইসেন্স নবায়ন করা যাবে।

নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারী এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা ম্যাজিস্ট্রেসি থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখার ২২০ নম্বর কক্ষ থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।