নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৯ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়ক অবরোধের চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শনিবার মধ্যরাতে বসুরহাট-দাগনভূঞা সড়কে গাছ ফেলে ও আগুন দিয়ে অবরোধের চেষ্টা করে। ভোরের আগে বসুরহাট-চৌধুরীহাট সড়কেও একটি বড় গাছ কেটে ফেলা হয়। আতঙ্ক ছড়াতে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।
গ্রেফতাররা হলেন বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুরের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ছাত্রলীগের সাইফ উদ্দিন পলাশ (১৯), কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।
রোববার বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন