রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ড শেষে দেলোয়ার কারাগারে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৯:৩৬ পিএম

ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ড শেষে দেলোয়ার কারাগারে

ঢাকা জেলা জজ আদালত ভবন। ফাইল ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে গ্রেফতার মো. দেলোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক মো. আবদুর রহমান আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৬ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর বেলা ১১টা ১৮ মিনিটের দিকে সিএমএম আদালত ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আইনজীবী হৃদয় মিয়া আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দেলোয়ারসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।