নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৫৬ পিএম
যাত্রাবাড়ী থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তিন দিনের রিমান্ড শেষে আজ ডরিনকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে ডরিনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ পিয়াস জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৬ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেফতার করা হয়। একই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ৯ নভেম্বর রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তায় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন