রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:৫২ পিএম

ইউএনওদের প্রথম জাতীয় সম্মেলন ১ ডিসেম্বর

সম্মেলন কক্ষে আলোচনা। প্রতীকী ছবি। ছবি: তথ্য অধিদপ্তর

জেলা প্রশাসক সম্মেলনের আদলে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সম্মেলন। আগামী পহেলা ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ শিরোনামে আয়োজিত এ সম্মেলনে দেশের ৫০৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে। এ ছাড়া দেশের আট বিভাগের ৮ জন বিভাগীয় কমিশনার ও ৬৪ জন জেলা প্রশাসকও এতে অংশ নেবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্মেলনের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নে গতি আনাই এ সম্মেলনের মূল লক্ষ্য।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা পর্যায়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ইউএনওদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের সম্মেলন এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পর্যায়ে সরকারের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা নিশ্চিতকরণে ইউএনওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তাদের সঙ্গে সরাসরি সংলাপ ও মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে সরকার।

মাঠ প্রশাসনের এই গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সরকারের নীতিগত অগ্রাধিকার, উন্নয়ন পরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। একই সঙ্গে মাঠের বাস্তব অভিজ্ঞতা ও সমস্যার বিষয়েও সরকারের নীতিনির্ধারকরা জানতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি দিনের কর্মসূচি উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত পাঁচটি কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম ও উপজেলা পর্যায়ে তাদের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে। এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নিয়ে উপজেলা পর্যায়ে বাস্তবায়নাধীন কর্মসূচি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করবেন। ইউএনওরা সরাসরি তাদের মতামত, অভিজ্ঞতা ও প্রস্তাব তুলে ধরার সুযোগ পাবেন।

সম্মেলনের আলোচ্যসূচিতে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সুরক্ষা এবং ডিজিটাল সেবা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।