রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:০৫ পিএম

সমন্বিত উদ্যোগে বাল্যবিবাহ নির্মূল সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাল্যবিবাহ নির্মূলে সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, বাল্যবিবাহ নির্মূল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার।

এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন।

রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং জাতিসংঘ শিশু তহবিলের যৌথ অংশীদারিত্বে আয়োজিত ‘ইন্টার-মিনিস্টেরিয়াল ডায়ালগ অ্যান্ড ওয়ার্কশপ অন দ্য ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সবাই সচেতন না হলে বাল্যবিবাহ প্রতিরোধ করা দুরূহ হবে।

সব মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা।

সেই লক্ষ্য নিয়েই প্রতিটি মন্ত্রণালয় পৃথক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে।

এ ক্ষেত্রে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবে।

আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও বর্তমান বরাদ্দ ও অর্থ দিয়ে কীভাবে সর্বোচ্চ জনকল্যাণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

বাল্যবিবাহ নির্মূলে সরকারের পাশাপাশি সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তিনি বলেন, সমাজের সর্বস্তরের মানুষ সরকারের সঙ্গে একযোগে কাজ করলেই দেশ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।

কর্মশালায় বক্তারা জানান, দেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন।

১৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বাল্যবিবাহের পরিমাণ তুলনামূলকভাবে বেড়েছে।

বক্তারা আরও জানান, বর্তমানে দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাব পরিচালিত হচ্ছে।

প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে কিশোর-কিশোরী সদস্য রয়েছে।

বাল্যবিবাহ নির্মূলে এসব ক্লাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

একইসঙ্গে ক্লাবগুলোর উদ্যোগে ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এমানুয়েল আব্রিও।

উচ্চপর্যায়ের এ সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।