রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

টেকসই উন্নয়নে সম্প্রসারিত হচ্ছে থিম্যাটিক বন্ডের বাজার

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৪:০৯ পিএম

টেকসই উন্নয়নে সম্প্রসারিত হচ্ছে থিম্যাটিক বন্ডের বাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন। প্রতীকী ছবি। ছবি: উইকিমিডিয়া কমন্স

পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে দেশে থিম্যাটিক বন্ডের বাজার সম্প্রসারিত হচ্ছে।

এ ধরনের বন্ড বিনিয়োগকারীদের আর্থিক মুনাফার পাশাপাশি টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

ঢাকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হলে দেশের প্রথম অরেঞ্জ বন্ড ‘সাজিদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’-এর তালিকাভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মাসুদ খান বলেন, বর্তমান প্রজন্মের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ ও সম্পদ সংরক্ষণের বিষয়টি মাথায় রেখেই টেকসই উন্নয়নের ধারণা গড়ে উঠেছে।

বাংলাদেশে থিম্যাটিক বন্ড ইতোমধ্যে গড়ে উঠেছে, যা পরিবেশবান্ধব, সামাজিক কল্যাণমূলক এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়ক প্রকল্পগুলোর অর্থায়নে ভূমিকা রাখছে।

তিনি বলেন, থিম্যাটিক বন্ডের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ যে সঠিক ও নির্দিষ্ট প্রকল্পে ব্যবহৃত হচ্ছে, তা বিনিয়োগকারীদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসেন বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিয়ে সাজিদা ফাউন্ডেশনের নিজস্ব ঋণদান কর্মসূচি আরও শক্তিশালী ও টেকসই করাই এ বন্ডের মূল উদ্দেশ্য।

তিনি জানান, সাজিদা ফাউন্ডেশন ৬৭ জন বিনিয়োগকারীর কাছ থেকে এক, দুই ও তিন বছর মেয়াদি বন্ডের মাধ্যমে ১৫৮ দশমিক ৫০ কোটি টাকা সংগ্রহ করেছে।

সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে জেন্ডার লেন্স ইনভেস্টিংয়ের জন্য একটি পথ তৈরি করতে পেরে আমরা গর্বিত।

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।