নভেম্বর ২৯, ২০২৬, ০৫:২১ এএম
মধ্যপ্রাচ্যের চলমান সংকটে গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত বাংলাদেশের ৫৫টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো বাতিল হয়েছে। ফলে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হচ্ছে সরকারকে। এতে গত মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৪১২ কোটি মার্কিন ডলার। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এলএনজি আমদানিতে ভর্তুকি দিতে হয়েছে প্রায় ৩৪ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর শনিবার রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে চতুর্থ বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন।
তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হয়। এতে আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং ভূরাজনৈতিক অস্থিরতার বড় প্রভাব পড়ে দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির ওপর। যেকোনো সরবরাহ বিঘ্ন ঘটলে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়ে। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলেছে।
তিনি বলেন, সরকার একটি আর্থিকভাবে চাপগ্রস্ত ও আমদানিনির্ভর জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছে। ২০০৯ সাল থেকে পরবর্তী ১৭ বছরে সক্ষমতা সম্প্রসারণের দিকে বেশি গুরুত্ব দেওয়া হলেও সংস্কার, দক্ষতা এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে উপেক্ষা করা হয়েছিল। ফলে কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের মাধ্যমে সমাধান করতে হবে।
জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশে ডিজেলের মজুত ছিল মাত্র ১৪ দিনের। এ পরিস্থিতির উন্নতিতে সরকার কাজ করছে। গ্যাসের মজুত বাড়াতে নতুন গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্যে দেড় হাজার কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার মেগাওয়াটের বেশি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তহবিলের অর্থের মাধ্যমে গ্রামের মানুষ ৬ শতাংশ সুদে ১২ বছরে পরিশোধযোগ্য ঋণ নিয়ে সৌরবিদ্যুৎ স্থাপন করতে পারবেন।
দেশীয় গ্যাস অনুসন্ধান বাড়ানো এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ক্ষমতা বাড়াতে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিতুমীর। তিনি বলেন, প্রতিদিন ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পুনঃগ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
তবে পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় এলএনজি অবকাঠামো সম্প্রসারণের বিরোধিতা করেন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের আহ্বায়ক ড. কাজী মারুফুল ইসলাম। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির দিকে ঝুঁকে থাকলে জ্বালানি নিরাপত্তা আরও ক্ষতিগ্রস্ত হবে। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করাই এখন সময়ের দাবি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় জ্বালানি ব্যবস্থার অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনীতিবিদ মো. আশানুর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে বাংলাদেশ বিশ্বে যেসব নতুন প্রযুক্তি ব্যবহার করছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলো অর্থায়নের ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করবে। ব্যাংকগুলো মূলত স্বল্পমেয়াদি আমানতের ওপর নির্ভরশীল। ফলে ৮ থেকে ১২ বছর মেয়াদি বিনিয়োগ প্রয়োজন এমন প্রকল্পে অর্থায়ন করা কঠিন হয়ে পড়ে। সরকারের ঘোষণা ও বাস্তব নীতিমালার মধ্যে অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ। তিনি বলেন, সরকারের নীতিমালায় কিছু সিদ্ধান্ত নেওয়ার পরেও বাস্তবে তা বাস্তবায়ন হয়নি। ফলে জ্বালানি খাতের উন্নয়ন ধীরগতিতে চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন