নভেম্বর ২৯, ২০২৬, ০১:৩১ এএম
দেশের আমদানি বাণিজ্যে এক বছরের ব্যবধানে চড়া সুদের বায়ার্স ক্রেডিট বেড়েছে ৮২ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২০২৪-২৫ অর্থবছরে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি করা হয়েছিল ১ হাজার ৪০৩ কোটি ডলারের পণ্য। ২০২৫-২৬ অর্থবছরে আমদানি করা হয় ১ হাজার ৮৯৫ কোটি ডলারের পণ্য। আলোচ্য সময়ে বায়ার্স ক্রেডিট বেড়েছে ৫ দশমিক ৮ শতাংশ। আর টাকার হিসাবে বেড়েছে ৭ দশমিক ১ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে বায়ার্স ক্রেডিটের মাধ্যমে আমদানি করা পণ্য ছিল মোট আমদানি ব্যয়ের ২০ দশমিক ৮ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে এই হার বেড়ে দাঁড়ায় ২২ শতাংশ।
তবে নগদ, অনুদান ও কম সুদের ঋণের আমদানি কমেছে। এমন পরিস্থিতিতে সার্বিকভাবে পণ্য ও সেবার আমদানি ব্যয় বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ।
২৬ নভেম্বর প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, দেশের মোট আমদানি বাণিজ্যের মধ্যে পণ্য আমদানি বেড়েছে মাত্র দশমিক ১৭ শতাংশ। তবে সেবা খাতের আমদানি বেড়েছে ৪ দশমিক ৪০ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে গড়ে ডলারের দাম ছিল ১২০ টাকা ৮০ পয়সা। গত অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকা ৩০ পয়সা। ফলে ডলারের হিসাবে আমদানি ব্যয়ের বৃদ্ধি কম দেখালেও টাকার হিসাবে তা বেড়েছে বেশি।
আমদানিকারকরা নিজস্ব উদ্যোগে যেসব বৈদেশিক ঋণের ব্যবস্থা করে পণ্য আমদানি করেন, সেগুলোকে বায়ার্স ক্রেডিট বলা হয়। এই ঋণের অর্থের বহুমুখী ব্যবহার না হয়ে এককভাবে পণ্য আমদানির ভিত্তিতে ব্যবহৃত হয়।
তুলনামূলকভাবে বহুপাক্ষিক সংস্থা ও বাণিজ্যিক ব্যাংক থেকে আমদানি ঋণ নিলে সুদের হার বেশ কম পড়ে। বায়ার্স ক্রেডিটে সুদের হার সাধারণত ৬ থেকে ৮ শতাংশ, ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নিলে সুদের হার ৩ থেকে ৫ শতাংশ। বহুপাক্ষিক সংস্থা থেকে ঋণ নিলে দেড় থেকে ৪ শতাংশ সুদ দিতে হয়। এ ছাড়া অনুদানের অর্থে কোনো সুদ দিতে হয় না।
প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায়, এক বছরের ব্যবধানে নগদ আকারে পণ্যের আমদানি ব্যয় কমেছে দশমিক ৫০ শতাংশ। অনুদান হিসেবে পণ্য আমদানি কমেছে ৪৩ দশমিক ৫৭ শতাংশ। আর কম সুদে আমদানি ঋণ নেওয়া কমেছে ৪ দশমিক ৭১ শতাংশ।
জ্বালানি তেল আমদানিতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) থেকে নেওয়া স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। একই সময়ে বিভিন্ন দেশ ও সংস্থার কাছ থেকে সরাসরি বৈদেশিক ঋণে পণ্য আমদানি কমেছে ১৬ দশমিক ১৯ শতাংশ। আর মেয়াদি ঋণে আমদানি কমেছে ৮ দশমিক ৬৬ শতাংশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন