নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫০ এএম
চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে পেটের ভেতরে ও মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার জানানো হয়, শুক্রবার সন্ধ্যা ও রাতে অভিযান দুটি চালানো হয়। আটককৃতরা হলেন সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার জলুয়ার দীঘির পাড় এলাকায় চেকপোস্ট বসায় র্যাবের একটি দল। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে সালমা বেগম ও মো. তারেককে আটক করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তার সঙ্গে থাকা নারী যাত্রী সালমা পেটের ভেতরে ইয়াবা বহন করছেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় সালমার পেটে ইয়াবা সদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে তার পেট থেকে ৩টি স্বচ্ছ প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।
অন্যদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের সামনে চেকপোস্ট বসায় র্যাব। এ সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলের চালক র্যাবের উপস্থিতি টের পেয়ে না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান তিনি। পরে মোটরসাইকেলের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, আটক দুজন, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন