নভেম্বর ২৯, ২০২৬, ১২:৪৪ এএম
ডেঙ্গু ও চিকুনগুনিয়া ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সাপ্তাহিক ক্লিনিং ডে কর্মসূচির আওতায় পরিচালিত এ অভিযানে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং মালামাল জব্দ করা হয়।
সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এ সময় বিভিন্ন সড়ক ও ফুটপাত পরিষ্কার, বর্জ্য অপসারণ এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের পথ পরিচ্ছন্ন ও নির্বিঘ্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে খয়বর রহমান বলেন, গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর থেকে ডিএসসিসির নিয়মিত কার্যক্রম জোরদারের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় ডেঙ্গু পরিস্থিতি শতভাগ নির্মূল করা সম্ভব না হলেও বিগত যেকোনো সময়ের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে রয়েছে।
ডিএসসিসি এলাকার চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশন অত্যন্ত জনবহুল এলাকা। এখানকার রাস্তাঘাট ও ভবন অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা বেশ শ্রমসাধ্য। তা সত্ত্বেও প্রশাসকের নেতৃত্বে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরবাসীর চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছেন। ইতোমধ্যে এলাকার নর্দমা ও কালভার্টগুলো পরিষ্কার করা হয়েছে।
নগরবাসীকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি পালিত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন