নভেম্বর ২৭, ২০২৬, ০৩:২৫ পিএম
সুস্থ ও দীর্ঘায়ু জীবনযাপন এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রসারে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান জেনেসেন গ্রুপ এবং চট্টগ্রামের খুলশী ক্লাব লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম নগরের খুলশী ক্লাব লিমিটেডে আয়োজিত ‘চট্টগ্রাম ওয়েলনেস, দীর্ঘায়ু ও স্বাস্থ্যশিক্ষা দিবস’ অনুষ্ঠানে রিজুভা ওয়েলনেসের সহযোগিতায় এই চুক্তি সই হয়।
শুধু আয়ু বাড়ানো নয়, বরং দীর্ঘ সময় ধরে সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় থাকার ওপর জোর দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
‘১০০ বছর পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকা: সুস্থতা, দীর্ঘায়ু ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের আধুনিক বৈজ্ঞানিক ধারণা, রোগ প্রতিরোধে সচেতনতা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা জানান, বর্তমান বিশ্বে চিকিৎসাব্যবস্থার অন্যতম প্রধান অগ্রাধিকার হলো রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি আগেভাগেই রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করা। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, মানসিক সুস্থতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দীর্ঘ ও সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, জীবনযাপনের ধরন, পারিবারিক স্বাস্থ্য ইতিহাস এবং ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় চিকিৎসাসেবা পরিকল্পনার গুরুত্ব ক্রমেই বাড়ছে বলে আলোচনায় উঠে আসে। বক্তাদের মতে, ব্যক্তির প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসকদের সঙ্গে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ এবং স্বাস্থ্যবিষয়ক তথ্য পর্যালোচনার সুযোগ রাখা হয়। বিকেলে ওয়েলনেস ও দীর্ঘায়ু বিষয়ে বিশেষ বৈজ্ঞানিক সেমিনার ও শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে সুস্থভাবে দীর্ঘ জীবনযাপন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, আধুনিক সুস্থতা চর্চা এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার নানা দিক নিয়ে ছয়টি বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরা হয়। উপস্থাপনা শেষে বিশেষজ্ঞদের সঙ্গে অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনা চলে।
আয়োজকদের প্রত্যাশা, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্য, সুস্থতা ও দীর্ঘায়ু বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
অনুষ্ঠানে খুলশী ক্লাবের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টা ডা. এম এ করিম, সদ্য সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি আহমেদুল হক আহমেদ, সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সহসভাপতি নাছির উদ্দিন, সাবেক সহসভাপতি বাবু অমল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক প্রকৌশলী মো. শামসুদ্দিন এবং নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ আলী ও মো. ফখরুল আলম উপস্থিত ছিলেন।
এ সময় জেনেসেন গ্রুপের চিকিৎসক ওম সুচুমফিয়া, প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক পরিচালক ডা. শাহরিয়ার, খুলশী ক্লাবের অন্যান্য সদস্য, চিকিৎসক, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন