নভেম্বর ২৭, ২০২৬, ১১:৪৩ এএম
পাহাড়ে জুম চাষ ও দ্রুত পচনশীল ফসলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনৈতিক কাঠামো বদলাতে কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে ঘূর্ণায়মান তহবিল বা রিভলভিং ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
মন্ত্রী বলেন, এই বিশেষ তহবিলের মাধ্যমে পাহাড়ের চাষিরা স্বাবলম্বী হয়ে ঋণমুক্ত হতে পারবেন। একই সঙ্গে আগামী এক দশকের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব তহবিলে কয়েকশ কোটি টাকা জমা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তহবিল পরিচালনার রূপরেখা তুলে ধরে সাচিং প্রু জানান, এককালীন অনুদান বা ত্রাণের পরিবর্তে চাষিদের মধ্যে জবাবদিহি ও মালিকানাবোধ নিশ্চিত করতে ফেরতযোগ্য তহবিলের ব্যবস্থা রাখা হবে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী আগ্রহী ও প্রতিশ্রুতিবদ্ধ চাষিদের বাছাই করা হবে। কফি চাষে ছায়ার প্রয়োজন হওয়ায় আম বা কলাবাগানের মালিকদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে প্রতি একরে প্রায় এক হাজার ১৫০টি চারা রোপণ করা সম্ভব।
বাস্তবায়ন সময়সূচি সম্পর্কে মন্ত্রী জানান, মে ও জুন মাসে চারা সংগ্রহ এবং ডিসেম্বরের মধ্যে রোপণের লক্ষ্য ধরে চাষিদের তিন বছরের জন্য সমন্বিত সহায়তা দেওয়া হবে। চারা রোপণের তিন বছর পর ফলন আসতে শুরু করলে পরবর্তী তিন থেকে চার বছরের মধ্যে চাষিরা তহবিলের ঋণ পরিশোধ করবেন।
জুম চাষের পর জমি ফেলে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা বদলে ভূমির প্রতি স্থায়ী মায়া তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কফিগাছ ৭০ থেকে ৮০ বছর পর্যন্ত টিকে থাকে, যা দুই থেকে তিন প্রজন্মের আয়ের উৎস হতে পারে।
পাহাড়ে কফি ও কাজুবাদামের সম্ভাবনার উদাহরণ তুলে ধরে মন্ত্রী জানান, বান্দরবানের রুমার সোমশং এলাকায় ৪০ থেকে ৫০ বছরের পুরোনো গাছ থেকে এখনো গাছপ্রতি ১৫ থেকে ২০ কেজি কফি পাওয়া যাচ্ছে এবং খাগড়াছড়িতেও এমন নজির রয়েছে। পাশাপাশি গত বছর কেবল থানচি উপজেলাতেই ২৫ হাজার মণ কাজুবাদাম উৎপাদিত হয়েছে, যা পাহাড়ের শক্তিশালী অর্থনৈতিক সম্ভাবনাকে স্পষ্ট করে।
অনুর্বর ও ফাঁকা পাহাড়ি জমিগুলোকে কীভাবে উৎপাদনশীল করা যায় সে বিষয়ে নিয়মিত কাজ চলছে উল্লেখ করে সাচিং প্রু বৈষম্যমুক্ত পরিবেশ গড়তে সংখ্যাগরিষ্ঠের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অগ্রগতিও সমানভাবে নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনার ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠিত হয়েছিল বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় বোর্ডের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও জনবল কাজে লাগিয়ে জেলা পরিষদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, আর সেজন্য বোর্ডের ঐতিহ্যবাহী বাজেট বরাদ্দ বজায় রাখা জরুরি।
সভায় মন্ত্রী বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন দাবি শোনেন এবং সেগুলো সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ আহম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন