শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
চিকিৎসা শিক্ষা ও ভর্তি

নতুন সরকারি মেডিকেল কলেজ তিনটিতে ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১১:০৪ এএম

নতুন সরকারি মেডিকেল কলেজ তিনটিতে ভর্তি হতে পারবেন ১৫০ শিক্ষার্থী

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেই শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে দেশের নতুন তিনটি সরকারি মেডিকেল কলেজ। রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ, নরসিংদী মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে প্রাথমিকভাবে ৫০ জন করে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ হামিদুল ইসলাম স্বাক্ষরিত ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির হালনাগাদকৃত আসন সংখ্যাসহ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে এই তথ্য জানা গেছে।

গত রবিবার (২২ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সরকারি কর্মচারী মেডিকেল কলেজে ৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে ১৬ নভেম্বর অনুষ্ঠিত ভর্তি নীতিমালা হালনাগাদকরণ বিষয়ক সভায় নরসিংদী ও ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেখানে দুটি কলেজে ৫০টি করে মোট ১০০টি আসন নির্ধারণ করা হয়।

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত ৫০০ শয্যাবিশিষ্ট সরকারি কর্মচারী হাসপাতালকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হচ্ছে নতুন সরকারি কর্মচারী মেডিকেল কলেজ। গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় এই মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দেওয়া হয়।

প্রাথমিক পর্যায়ে ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতাল প্রাঙ্গণেই কলেজটির শিক্ষা কার্যক্রম চলবে এবং এজন্য হাসপাতাল ভবনের দুটি তলা উপযোগী করে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তীতে ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় কলেজটির স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ৫০০ শয্যার এই হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাসহ প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসাসেবা নিতে আসেন, যা চিকিৎসা শিক্ষার ব্যবহারিক অবকাঠামো হিসেবে কাজ করবে।

এদিকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আসন পুনর্নির্ধারণের অংশ হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আসন সংখ্যা ২০০টি থেকে বাড়িয়ে ২২০টি করা হয়েছে। গত ৫ নভেম্বর কলেজটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ২০টি আসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে ১৬টির আসন সংখ্যা পুনর্নির্ধারণ করা হয়েছে এবং দুটির ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজ ১০৮টি, যার মধ্যে ৪০টি সরকারি ও ৬৮টি বেসরকারি। এর বাইরে আর্মড ফোর্সেস, আর্মি ও নেভি মেডিকেল কলেজ রয়েছে সাতটি।

গত ২৫ নভেম্বর আসন পুনর্বিন্যাসের তালিকা পর্যালোচনায় দেখা গেছে, নতুন তিনটিসহ দেশের ৪০টি সরকারি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০টি এবং ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ২১টি। এ ছাড়া নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি এবং ২৫টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ৩৬০টি আসন রয়েছে।

অন্যদিকে সেনাবাহিনী পরিচালিত বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর ও রংপুরের পাঁচটি মেডিকেল কলেজে আগে ৫০টি করে মোট ২৫০টি আসন থাকলেও এ বছর বগুড়া ও কুমিল্লা মেডিকেল কলেজে ১০টি করে আসন বাড়ানো হয়েছে। ফলে পাঁচটি আর্মি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৭০টি। এর পাশাপাশি ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে ১২৫টি এবং চট্টগ্রামে নৌবাহিনী পরিচালিত মেডিকেল কলেজে ৫০টি আসন বহাল রয়েছে। তথ্যসূত্র: বাসস।