শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
নিত্যপণ্যের বাজারদর

রাজধানীর বাজারে চড়া মাছের দাম, কেজিপ্রতি ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ

অর্থনীতি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ১০:৩৮ এএম

রাজধানীর বাজারে চড়া মাছের দাম, কেজিপ্রতি ২০০ টাকার নিচে মিলছে না কোনো মাছ

রাজধানীর বাজারে মাছের দাম এখনো চড়া রয়েছে, যেখানে কেজিপ্রতি ২০০ টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। চাষের তেলাপিয়া ও পাঙ্গাসের মতো সাধারণ মাছও কিনতে হচ্ছে ২০০ টাকা বা তার বেশি দামে, আর ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দর সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রায়ের বাজার ঘুরে মাছ, মুরগি, মাংস ও ডিমের দামের এই চিত্র দেখা গেছে।

মাছের বাজারে দেখা যায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৩০ টাকা দরে। ছোট আকারের পাঙ্গাস ২০০ টাকা এবং বড় পাঙ্গাস ২৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া চাষের কই ২৮০ টাকা, বায়লা ৩২০ টাকা এবং মিরকা মাছ ৩২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

কাতলা মাছের দাম আকারভেদে কেজিপ্রতি ৩০০ টাকা থেকে শুরু হয়ে বড় আকারের ক্ষেত্রে অন্তত ৫০০ টাকায় ঠেকেছে। অন্যান্য মাছের মধ্যে চাষের শিং ৩০০ টাকা, পোয়া ৩৫০ টাকা, পাবদা ৩৮০ টাকা, টেংরা ৫৪০ টাকা এবং শোল মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিংড়ির বাজারে ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা এবং গলদা চিংড়ি কেজিপ্রতি অন্তত ৮০০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।

দেশি ও সামুদ্রিক মাছের দাম আরও চড়া। বাজারে আইড় মাছ কেজিপ্রতি ৭০০ থেকে এক হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৮০০ থেকে এক হাজার ১০০ টাকা এবং দেশি শিং মাছ এক হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া সাগরের পাঙ্গাসের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা দরে।

মাছের দর প্রসঙ্গে বিক্রেতা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার ছুটির দিনে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি থাকে। গত সপ্তাহের তুলনায় দামে বড় কোনো উত্থান-পতন না হলেও বেশি দামে মাছ কিনতে তাদের বাড়তি পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বাজারে আসা ক্রেতা রবিউল আলম বলেন, তিনি কেজিপ্রতি ৬০০ টাকা দরে শোল মাছ এবং ২৭০ টাকা দরে পাঙ্গাস কিনেছেন। তার মতে, দাম আগের মতোই রয়েছে, তবে ছোট পাঙ্গাসের দর কিছুটা কম আছে।

মাছের বাজার চড়া থাকলেও মাংস ও ডিমের বাজারে দামের পার্থক্য দেখা গেছে। রায়ের বাজারে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।

এদিকে গরুর মাংসের দামে কোনো পরিবর্তন আসেনি। রায়ের বাজারের রবিন মাংস বিতানে গরুর মাংস কেজিপ্রতি ৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। মাংস বিক্রেতা মো. লিটন জানান, গরুর মাংসের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে, নতুন করে বাড়েনি বা কমেনি।