নভেম্বর ২৬, ২০২৬, ১১:৪০ পিএম
চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি সম্মানীর আওতায় আনা হচ্ছে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন জানিয়েছেন, এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য তালিকাভুক্তির কাজ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, চলতি অর্থবছরে নির্ধারিত সুবিধাভোগীদের মধ্যে প্রায় ৪৬ হাজার ধর্মীয় সেবকের তথ্য অন্তর্ভুক্তির কাজ এখনো বাকি রয়েছে। ডিসেম্বরের মধ্যে তাদেরও তালিকাভুক্ত করার চেষ্টা চলছে। যারা এখনো তালিকাভুক্ত হননি, তারাও অন্তর্ভুক্তির পর গত জুলাই থেকে বকেয়াসহ সম্মানী পাবেন।
নীতিমালা অনুযায়ী ইমাম, পুরোহিত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও গির্জার যাজক মাসে ৫ হাজার টাকা করে সম্মানী পাবেন। মুয়াজ্জিন, সেবাইত, বিহারের উপাধ্যক্ষ ও সহকারী যাজক পাবেন ৩ হাজার টাকা করে। আর মসজিদের খাদেমরা পাবেন মাসে ২ হাজার টাকা করে। এ হিসাবে প্রতিটি মসজিদে মাসে মোট ১০ হাজার টাকা এবং প্রতিটি মন্দির, বিহার ও গির্জায় মাসে ৮ হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে।
মাসিক সম্মানীর পাশাপাশি উৎসব ভাতাও থাকছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ১ হাজার টাকা করে পাবেন। আর পুরোহিত, সেবাইত, বিহারের অধ্যক্ষ-উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকরা দুর্গাপূজা, বুদ্ধপূর্ণিমা ও বড়দিনে ২ হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন।
এই কর্মসূচি বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছরে বরাদ্দ বেড়ে ২ হাজার ২০০ কোটি টাকা, তার পরের অর্থবছরে ৩ হাজার ৩০০ কোটি টাকা হবে। ২০২৯-৩০ অর্থবছরে পূর্ণ বাস্তবায়নে বছরে প্রায় ৪ হাজার ৪০০ কোটি টাকা লাগবে।
ধর্ম মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী কর্মসূচির সুবিধাভোগীর সঠিক সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন। সংসদে ধর্মমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৬৫টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০০টি গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিরা এই সম্মানীর আওতায় আসবেন।
তবে মসজিদের খতিবরা আপাতত এই সম্মানীর আওতায় আসছেন না। সংসদে ধর্মমন্ত্রী জানিয়েছেন, নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাই এই সম্মানী পাবেন।
সম্মানীর টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হবে। সরকারি জি-টু-পি ব্যবস্থায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করছে ইসলামিক ফাউন্ডেশন। উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ের সরকারি কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান বাছাই করা হচ্ছে।
গত মার্চে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করেন। প্রথম ধাপে পরীক্ষামূলকভাবে ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার ও ৩৯৬টি গির্জার কর্মীদের সম্মানী দেওয়া শুরু হয়। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির ৩১ দফার অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ, মন্দিরসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়েও কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী। তিনি জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরিতে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এসব বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।
ধর্মীয় সেবকদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন