নভেম্বর ২৩, ২০২৫, ০৪:৫০ পিএম
জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার জন্য বেসরকারি মসজিদ কমিটিসমূহের প্রতি অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। আজ (রবিবার) সকালে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কুমিল্লা জেলা ও মহানগর কমিটি এই সম্মেলনের আয়োজন করে।ধর্ম উপদেষ্টা বলেন, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে ৬টি মসজিদ ব্যতীত বাকি সবগুলো কমিউনিটি কর্তৃক বেসরকারিভাবে পরিচালিত হয়।
তিনি আক্ষেপ করে বলেন, অনেক সময় এসব মসজিদ কমিটি ইমাম-খতিবদের প্রতি ন্যায়বিচার করেন না। তিনি আরও বলেন, "ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজের মানুষের সম্মান থাকে না।"
ইমাম-খতিবদের স্বার্থ সমুন্নত রাখার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, তা তুলে ধরে ড. খালিদ বলেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা বর্তমানে যুগোপযোগী করা হচ্ছে। বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলে মতামত নেওয়া হয়েছে এবং এই নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এর গেজেট প্রকাশ হবে।এছাড়া, তিনি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম-খতিব ও খাদেমের বেতন অপ্রতুল উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এই সরকারের সময়েই বেতন-ভাতা বৃদ্ধি করে মডেল মসজিদের একটি নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। উপদেষ্টা অসুস্থ, গরিব-দুঃস্থ ইমাম-খতিবদের সহায়তার আশ্বাসও দেন।
ইমাম-খতিবদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, জুমার নামাজের খুতবার পূর্বে আপনারা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলে থাকেন। বিভিন্ন সামাজিক সমস্যা—বিশেষ করে মাদকাসক্তি, যৌতুক, দুর্নীতি, সুদ, ঘুষ, ন্যায়-অন্যায়, জীববৈচিত্র্য সংরক্ষণ, কিশোর গ্যাং ইত্যাদি বিষয়ে মুসল্লিদের সচেতন করতে হবে। তিনি ইমাম-খতিবদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকারও অনুরোধ জানান।
শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফীর সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন