অক্টোবর ২২, ২০২৬, ০৬:১০ পিএম
খুলনার দাকোপে সাধারণ মানুষের ভিড়ের মাঝে এক বাদাম বিক্রেতার সঙ্গে হাত মিলিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানকে এত কাছে পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্থানীয় সেই বাদাম বিক্রেতা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দাকোপ উপজেলার নলিয়ানে এই ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কইলাম! আমার জীবন সার্থক। বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে!’
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর তিনি মাঠ থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে রওনা হন।
এ সময় রাস্তার দুই পাশে জড়ো হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ হাত নেড়ে তাকে উষ্ণ শুভেচ্ছা জানান। উপস্থিত জনতা এ সময় বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান। হেঁটে যাওয়ার পথে প্রধানমন্ত্রীও উপস্থিত অনেকের সঙ্গে হাত মেলান এবং কয়েকজনের মাথায় স্নেহের হাত বুলিয়ে দেন।
সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে ছিলেন বাদাম বিক্রেতা রাজু। এগিয়ে এসে তার সঙ্গেও হাত মেলান সরকারপ্রধান। প্রিয় মানুষটিকে সামনে পেয়ে রাজু কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে নলিয়ান পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে বিকেলে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি সরেজমিনে পরিদর্শন করেন। এরপর প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল এলাকাও তার ঘুরে দেখার কথা রয়েছে।
দিনব্যাপী খুলনার সরকারি কর্মসূচি সমাপ্ত করে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন