অক্টোবর ২২, ২০২৬, ০৫:৪৫ পিএম
কওমি ঘরানার সাতটি রাজনৈতিক দল আলাদা নতুন দল গঠন না করে অভিন্ন মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলগুলো নিজেদের স্বতন্ত্র সাংগঠনিক পরিচয় বজায় রেখে ‘সমমনা ইসলামী দল’ নামে একক ব্যানারে মাঠে নামার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে বর্তমানে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর জোটে থাকা দলগুলোও নিজেদের সংশ্লিষ্টতা বজায় রেখে এই ঐক্য প্রক্রিয়ায় শরিক হবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির এক দীর্ঘ বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সকাল ১০টায় শুরু হওয়া এই সমন্বয় বৈঠক টানা সাড়ে তিন ঘণ্টা চলে দুপুর দেড়টায় শেষ হয়।
বৈঠকে অংশ নেওয়া শীর্ষ নেতারা জানান, কওমি ঘরানার দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতার ভিত্তিতে সমন্বিত রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে কোনো একক নতুন দল বা আনুষ্ঠানিক জোট ঘোষণার পরিবর্তে এটি একটি কার্যনির্বাহী অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে সক্রিয় থাকবে। সংশ্লিষ্ট দলগুলো নিজেদের দলীয় কাঠামো ও নিজস্ব রাজনৈতিক আদর্শ পুরোপুরি বজায় রাখবে।
একই সাথে যেসব ইসলামী দল বর্তমানে অন্যান্য রাজনৈতিক জোট বা যুগপৎ ধারার সাথে যুক্ত রয়েছে, তাদের বিষয়েও স্পষ্ট সিদ্ধান্ত এসেছে। সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা ও অভ্যন্তরীণ সমঝোতার মাধ্যমে সমন্বয় রক্ষা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনা করতে আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠকের দিন ধার্য করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই আলোচনায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।
বৈঠকে অন্য দলগুলোর শীর্ষ নেতৃত্বের মধ্যে ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজী সহ সংশ্লিষ্ট দলসমূহের কেন্দ্রীয় নেতারা বৈঠকে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন