বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় যুবক গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২২, ২০২৬, ১২:২১ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্নাইপার সংক্রান্ত উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. গাজিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা, এসআরবি এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর ওই যুবককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ঢাকায় আনা হচ্ছে।

এর আগে গত মঙ্গলবার বিকেল তিনটার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে বের হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে নগরীতে প্রবেশ করেন তিনি। সে সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং চলন্ত বাস থেকেই তাদের অভিবাদনের জবাব দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর যাতায়াতে ব্যবহৃত সেই বাসের ছবি যুক্ত করে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামের একটি ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়।

সেই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়, সুযোগ থাকার পরও সেখানে কেবল একটি স্নাইপারের অভাব ছিল। মন্তব্যটি নজরে আসার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। এরপরই তদন্তে নেমে সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে যৌথ অভিযানে গ্রেপ্তার করে পুলিশ।