অক্টোবর ২২, ২০২৬, ১০:২৬ এএম
দিনব্যাপী সরকারি সফরে খুলনা ও বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এই সফরে তিনি সুন্দরবন আকাশপথে পর্যবেক্ষণ, বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ কার্যক্রম পর্যালোচনা এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফর ঘিরে দক্ষিণাঞ্চলের এই দুই জেলায় ব্যাপক প্রশাসনিক তৎপরতা চলছে।
নির্ধারিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল নয়টায় সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে সুন্দরবনের পথে যাত্রা করেন তিনি। সকাল দশটার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন উপকূলীয় এলাকা পরিদর্শন করার কথা রয়েছে তার।
আকাশপথে পরিদর্শন শেষে সকাল সাড়ে দশটায় খুলনা জেলার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখান থেকে সড়কপথে স্থানীয় লঞ্চঘাটে পৌঁছে জলপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতি শেষে দুপুর একটা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত বিশেষ বৈঠকে অংশ নেবেন তিনি।
বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
এরপর বিকেল তিনটা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি সম্পন্ন করে বিকেল চারটায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেবেন এবং বিকেল পাঁচটায় রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা এক মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট পদস্থ ব্যক্তিরা সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করবেন। এই রাষ্ট্রীয় আগমনকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন