অক্টোবর ২২, ২০২৬, ১০:৩৩ এএম
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সর্বশেষ প্রকাশিত নারী জাতীয় দলের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১০৭তম অবস্থান থেকে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে উঠে এসেছেন ঋতুপর্ণা চাকমারা।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও পয়েন্টের হিসাবে বাংলাদেশের বড় কোনো ক্ষতি হয়নি। উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হারের ম্যাচে দুই দলের র্যাঙ্কিংয়ের ব্যবধান প্রায় ১০০ ধাপের কাছাকাছি হওয়ায় যথাক্রমে মাত্র শূন্য দশমিক শূন্য ছয় ও শূন্য দশমিক দুই আট পয়েন্ট কাটা যায়।
বাংলাদেশের এই পদমর্যাদা বৃদ্ধির মূল নিয়ামক ছিল গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে মিয়ানমারকে আটকে দেওয়া।
নিজেদের চেয়ে প্রায় ৫০ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী মিয়ানমার নারী ফুটবল দলের বিপক্ষে গোলশূন্য ড্র করায় বাংলাদেশের খাতায় মূল্যবান চার দশমিক ৬৪ রেটিং পয়েন্ট যুক্ত হয়। এতে লাল-সবুজ প্রতিনিধিদের সর্বমোট রেটিং পয়েন্ট উন্নীত হয়েছে এক হাজার ১৭৫ দশমিক ৩৫ পয়েন্টে। অন্যদিকে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হওয়ায় পাঁচ দশমিক ৫৪ রেটিং পয়েন্ট খুইয়ে ৫৬তম অবস্থানে নেমে গেছে মিয়ানমার।
এদিকে বিশ্ব নারী ফুটবলের শীর্ষস্থানটি অক্ষুণ্ণ রেখেছে স্পেন।
সর্বমোট দুই হাজার ১২১ দশমিক ৫০ পয়েন্ট নিয়ে এক নম্বরে বহাল রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আর জার্মানি ও ইংল্যান্ড অবস্থান করছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
অন্যান্য দেশের মধ্যে দুই ধাপ উন্নতি করে সেরা দশের দশম স্থানে জায়গা করে নিয়েছে ডেনমার্ক।
এশীয় দলগুলোর মধ্যে আধিপত্য বজায় রেখেছে পঞ্চম স্থানে থাকা জাপান। ঘরের মাঠ আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের চূড়ান্ত ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়াকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে পরাভূত করে সোনার পদক জিতেছিল দলটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন