অক্টোবর ২২, ২০২৬, ১১:২৪ এএম
শীতের সবজি আগাম চাষে নওগাঁর মাঠজুড়ে কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন ও মূলাসহ অন্তত ১৫ ধরনের শাকসবজি আবাদে নেমেছেন স্থানীয় চাষিরা। আগাম উৎপাদিত ফসলের ভালো বাজারদর পাওয়ায় মাঠে তাদের তৎপরতা ও আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাম্পার ফলন ঘরে তোলার প্রত্যাশায় ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক ও পরিবারের সদস্যদের সাথে নিয়ে ক্ষেতের সার্বিক পরিচর্যা চালিয়ে যাচ্ছেন প্রান্তিক চাষিরা।
প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো লাভের আশা।
চলতি মৌসুমে কাঙ্ক্ষিত বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় চাষের জমিতে বাড়তি কৃত্রিম সেচ দিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। এতে বিঘাপ্রতি অতিরিক্ত খরচ বেড়েছে ৬০০ থেকে ৭০০ টাকা। একই সাথে আবহাওয়াজনিত কারণে ফসলে রোগবালাইয়ের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় কীটনাশক ব্যবহারের খরচও কিছুটা বেড়ে গেছে। কৃষকরা জানান, অতিরিক্ত রোদের উত্তাপে শিমের ফুল ঝরে নষ্ট হচ্ছে এবং কপির পাতার নিচের অংশ পচে গিয়ে ক্ষতির মুখে পড়ছেন তারা। জমিতে আড়াই হাজার চারা রোপণ করলে অনেক ক্ষেত্রে প্রায় এক হাজার গাছ নষ্ট হয়ে যাওয়ার মতো বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।
চাষিদের আরেকটি বড় সংকট দেখা দিয়েছে সারের জোগান নিয়ে। তাদের দাবি, আগাম সবজির সুরক্ষায় প্রতি সপ্তাহে সুষম সারের প্রয়োজন হলেও স্থানীয় বাজারে কিংবা ডিলারের কাছে গিয়ে সময়মতো পর্যাপ্ত সার পাওয়া যাচ্ছে না। ফলে কাঙ্ক্ষিত পরিচর্যা ব্যাহত হয়ে সবজি নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হচ্ছে।
যদিও সার ব্যবসায়ীদের দাবি সম্পূর্ণ বিপরীত। ব্যবসায়ীরা বলছেন, জেলায় বর্তমানে কোনো ধরনের সারের ঘাটতি নেই এবং কৃষকরা চাহিদা অনুযায়ী নিয়মিত সার সংগ্রহ করতে পারছেন।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় মোট ১০ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যেই ১ হাজার ৮০০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ সম্পন্ন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার ১০০ হেক্টর বেশি জমিতে সবজির আবাদ হয়েছে।
কৃষি কর্মকর্তারা জানান, ফসল যাতে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদন করা যায়, সেজন্য মাঠপর্যায়ে কৃষকদের সুষম সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ও পরিবেশবান্ধব জৈব প্রযুক্তি ব্যবহারে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন