অক্টোবর ২২, ২০২৬, ০৯:৫৫ এএম
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হওয়ায় মধ্যপ্রাচ্যের দেশটিতে আবারও নিয়মিত ফ্লাইট কার্যক্রম শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে নির্ধারিত ফ্লাইট ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দাম্মাম রুটে সংস্থাটির বাণিজ্যিক ফ্লাইট পুনরায় সচল হলো।
আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে বিমানের ফ্লাইট পরিচালিত হবে। এই বিশেষ রুটের যাত্রীদের সেবা নির্বিঘ্ন রাখতে বড় আকারের বোয়িং ৭৭৭ (Boeing 777) উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স যোদ্ধা ও ভ্রমণকারীদের যাতায়াত স্বস্তিদায়ক করতে জেদ্দা রুটেও বাড়তি শিডিউল যুক্ত করা হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাবে। পরবর্তীতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জেদ্দাগামী নিয়মিত ফ্লাইট ঢাকা ত্যাগ করবে।
অন্যান্য রুটের মধ্যে মদিনাগামী ফ্লাইটের পরিচালন প্রক্রিয়া পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস নিশ্চিত করেছে যে, পরবর্তী নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত মদিনা রুটের পূর্বনির্ধারিত শিডিউল ও সার্বিক কার্যক্রম অপরিবর্তিত থাকবে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় ফ্লাইট কার্যক্রম সচল রাখতে এয়ারলাইনস কর্তৃপক্ষ সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন