অক্টোবর ১৪, ২০২৬, ০২:৫৮ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে উঠে চরম ভোগান্তির মুখে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। সংস্থাটির সেবার মান ও ফ্লাইট ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি অভিযোগ করেন, ফ্লাইটের নির্ধারিত সময়ে বিমানে ওঠার পর তিনি লক্ষ্য করেন ককপিটের ভেতরে কারিগরি কাজ চলছে। সেটি দেখার পরই পরিস্থিতি নিয়ে যাত্রীদের মনে গভীর শঙ্কা তৈরি হয়।
পরবর্তীতে কোনো সন্তোষজনক কারণ বা সদুত্তর না দিয়েই সব যাত্রীকে বিমান থেকে আবার নিচে নামিয়ে দেওয়া হয়। পুরো ঘটনাটি ভক্তদের কাছে তুলে ধরতে তিনি ভিডিওর সঙ্গে রসাত্মক আবহসংগীত যুক্ত করেন।
নিজের অভিজ্ঞতার বিবরণ দিয়ে ইরফান সাজ্জাদ লেখেন, "প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ!! এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল! এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না!! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!"
জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির যাত্রীসেবার এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে তিনি ক্ষোভ ও রসিকতার সুরে প্রতিষ্ঠানটিকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইনস’ বলেও অভিহিত করেন।
অভিনেতার এই পোস্ট প্রকাশের পর সামাজিক মাধ্যমে দ্রুত প্রতিক্রিয়া জানান তার ভক্ত ও সাধারণ নেটিজেনরা। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেতার এই তিক্ত অভিজ্ঞতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং বিমানের দীর্ঘদিনের শিডিউল বিপর্যয় ও যাত্রী হয়রানি নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন