অক্টোবর ১৪, ২০২৬, ০২:৪২ পিএম
"অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব- সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি" প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ৫৭তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌথ উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসকের কাঞ্চন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি পণ্যের সঠিক গুণগত মান বজায় রাখার পাশাপাশি সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। এছাড়া বক্তব্য দেন জেলা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. হোসেন মো. নাহিদ এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবু বকর ছিদ্দিক।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাবিবা খাতুন।
দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করে বক্তব্য দেন দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সভাপতি আইনজীবী মো. হাবিবুর রহমান শাহীন।
বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক মীর মো. সাইফ আলীর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা পর্বে অংশ নেন ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এতে বক্তব্য উপস্থাপন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাহবার কবির পিয়াল ও মঞ্জুর মোর্শেদ সুমন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, মধু ব্যবসায়ী মুজতবা হাসনাইন, জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ এবং ডাচ-বাংলা ব্যাংকের রকেট ব্যাংকিংয়ের আঞ্চলিক ব্যবস্থাপক এস. এম. শহিদুল ইসলাম।
এর আগে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই দিনাজপুরের উপপরিচালক ও অফিসপ্রধান মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে বিএসটিআইয়ের বিভিন্ন তদারকি ও সেবামূলক কার্যক্রম তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় বিএসটিআইয়ের সহকারী পরিচালক মহাসিন রব্বানী, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, নবীন উদ্যোক্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন