নভেম্বর ২৯, ২০২৬, ০৩:৪৬ এএম
সরিষা ক্ষেতে এখন পরিচর্যার সময় এসেছে। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বোনা সরিষার গাছ এখন বাড়ছে। এই সময়ে ঠিকমতো নিড়ানি, সেচ ও সার দিলে ফলন ভালো হবে।
বীজ বপনের ১০ থেকে ১২ দিন পর প্রথমবার নিড়ানি দিতে হবে। ফুল আসার আগে ২০ থেকে ২৫ দিনের মধ্যে দ্বিতীয়বার নিড়ানি দিলে আগাছা দমন হবে, গাছ বাড়বে ভালো।
বপনের ২০ থেকে ২৫ দিনের মধ্যে, গাছে ফুল আসার আগে প্রথম সেচ দিতে হবে। ফল ধরার সময়, ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে দ্বিতীয় সেচ দিতে হবে। বপনের সময় মাটিতে রস কম থাকলে একটি হালকা সেচ দিতে হবে।
সার প্রয়োগেও নিয়ম মানতে হবে। ইউরিয়া সারের অর্ধেক বপনের আগে এবং বাকি অর্ধেক ফুল আসার সময় উপরি প্রয়োগ করতে হবে। সার দেওয়ার সময় মাটিতে রস থাকা দরকার। জিপসাম ও বরিক এসিড দিলে সরিষার তেলের পরিমাণ ও মান বাড়ে।
সম্প্রতি বৃষ্টিতে অনেক জমিতে পানি জমেছে। জমে থাকা পানি দ্রুত সরিয়ে দিতে হবে। দীর্ঘ সময় পানি জমে থাকলে গাছের গোড়া পচে যেতে পারে। জমির চারপাশে নালা থাকলে সেচ দেওয়া ও পানি সরানো সহজ হয়।
জাত নির্বাচনও গুরুত্বপূর্ণ। বারি সরিষা ১৪ জাতের জীবনকাল ৭৫ থেকে ৮০ দিন, বীজে তেলের পরিমাণ ৪৩ থেকে ৪৪ শতাংশ। বারি সরিষা ১৭, বারি সরিষা ১৮ ও বিনা সরিষা ৯, বিনা সরিষা ১০, বিনা সরিষা ১১ স্বল্পমেয়াদি জাত। টরি জাতের সরিষা ৭০ থেকে ৯০ দিনে ও রাই জাতের সরিষা ৯০ থেকে ১২০ দিনে সংগ্রহ করা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন