নভেম্বর ২৬, ২০২৬, ০৭:৪৭ এএম
রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে রাজশাহীর পাবা উপজেলায় ৮ হাজার ৪৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। কর্মসূচির আওতায় সরিষা, মসুর, খেসারি ও অড়হর চাষের জন্য বীজের পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সারও বিনামূল্যে দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরিষার বীজ পাচ্ছেন ৭ হাজার ৫০০ জন কৃষক। মসুরের বীজ পাচ্ছেন ৮০০ জন, খেসারির বীজ ১০০ জন এবং অড়হরের বীজ পাচ্ছেন ৩০ জন কৃষক। সব মিলিয়ে উপজেলার ৮ হাজার ৪৩০ জন কৃষক এই কর্মসূচির সুবিধা পাচ্ছেন।
কর্মসূচির উদ্বোধন করেন পাবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ। তিনি বলেন, সরকারের এই প্রণোদনা কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কৃষি অফিসের মাধ্যমে সরিষা, মসুর, খেসারি ও অড়হরের বীজ বিতরণের ফলে এসব ফসলের আবাদ বাড়বে। কৃষকরা এই সহায়তার সর্বোত্তম ব্যবহার করে উৎপাদন বাড়াবেন এবং দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, চলতি রবি মৌসুমে আবাদ সম্প্রসারণ ও ফসল উৎপাদন বাড়াতেই কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষি উপকরণের সঠিক ব্যবহারে সরিষা, মসুর, খেসারি ও অড়হরের উৎপাদন বাড়বে। এতে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন যেমন বাড়বে, তেমনি কৃষকরা আর্থিকভাবেও লাভবান হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শাহিনুল হক এবং পাবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নজমুল ইসলাম।
উল্লেখ্য, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে সারাদেশে ১৪ লাখ ৬০ হাজার কৃষককে এই কৃষি প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর - এই ৭ ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের ২ নভেম্বরের সরকারি আদেশ অনুযায়ী এই কর্মসূচির জন্য ১৯৮ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন সরিষা চাষিরা - ১২ লাখ ৯০ হাজার কৃষক। এ ছাড়া চিনাবাদামে ৩৫ হাজার, সয়াবিনে ৩০ হাজার, মুগে ৩০ হাজার, মসুরে ২০ হাজার, খেসারিতে ২০ হাজার এবং অড়হরে ৫ হাজার কৃষককে সহায়তা দেওয়া হবে।
কৃষি পুনর্বাসন তহবিল থেকে এই সহায়তা দেওয়া হচ্ছে। জেলা পর্যায়ের কমিটি বরাদ্দ উপজেলাগুলোর মধ্যে বণ্টন করবে এবং স্থানীয় কৃষি কর্মকর্তারা প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বাছাই করবেন। একটি পরিবার ৭ ফসলের মধ্যে শুধু ১টি ফসলের জন্যই প্রণোদনা পাবে।
প্রতিটি ফসলের জন্য বিঘাপ্রতি বীজ ও সারের পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। কমপক্ষে ১০ জন কৃষকের দল গঠন করে ১০ বিঘা বা তার বেশি জমিতে ব্লকভিত্তিক এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও মোবাইল নম্বর সংরক্ষণ করা হবে, কৃষি কার্ড হালনাগাদ করা হবে এবং উপকরণ পাওয়ার প্রমাণ হিসেবে স্বাক্ষর বা আঙুলের ছাপ নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন