বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
হলে র‍্যাগিংয়ের অভিযোগ

বিজয়-২৪ হলে ছাত্রীকে আটকে মাকড়সা ছাড়ার অভিযোগ

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৬, ২০২৬, ০৭:০৩ এএম

বিজয়-২৪ হলে ছাত্রীকে আটকে মাকড়সা ছাড়ার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: উইকিমিডিয়া কমন্স

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এক ছাত্রীকে কক্ষে আটকে রেখে তাঁর পায়ের কাছে মাকড়সা ছাড়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে। আতঙ্কে অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল বিজয়-২৪-এ এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ছাত্রী চতুর্থ বর্ষে পড়েন, আর অভিযুক্ত তিন শিক্ষার্থী স্নাতকোত্তরের শিক্ষার্থী।

হল প্রশাসন সূত্রে জানা যায়, ওই ছাত্রী বিজয়-২৪ হলের একটি কক্ষে থাকেন। সোমবার রাতে তিন সিনিয়র শিক্ষার্থী তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে একটি মাকড়সা ছেড়ে দেওয়া হয়। ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে কটূক্তিও করা হয়। কিছুক্ষণ পর তিনি সবাইকে পাশ কাটিয়ে কক্ষ থেকে বের হয়ে যান। পরে আতঙ্কে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হয়।

প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, তিনি বিজয়-২৪ হলের ১২৫ নম্বর কক্ষে থাকেন। সোমবার রাতে তাঁকে হলের ১২৭ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়। তাঁদের ব্যবহার দেখে তিনি ধারণা করেছিলেন এমন কিছু হতে পারে। বারবার জিজ্ঞেস করলেও তাঁরা অস্বীকার করেন। সেখানে তাঁর সামনে আগে থেকে আটকে রাখা একটি বড় মাকড়সা ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী। অভিযোগে তিনি উল্লেখ করেন, মাকড়সাটি আগে থেকে একটি বাটিতে বন্দী করে রাখা হয়েছিল। তাঁর মাকড়সার ভীতি সম্পর্কে হলের ব্লকের সবাই অবগত। সুতরাং স্পষ্টতই এটি পূর্বপরিকল্পিত।

ভুক্তভোগী ছাত্রী বলেন, ঘটনার পর তাঁর বমি, বুকে ব্যথা ও প্যানিক অ্যাটাক হয়। তিনি হলে নিজেকে নিরাপদ মনে করছেন না। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না, সেই নিশ্চয়তা চান তিনি। সুষ্ঠু বিচারও দাবি করেছেন তিনি।

তবে ঘটনার পর অভিযুক্তরা ‍‍`মরে গেলেই ভালো হতো‍‍` বলে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রী। হলে নিজেকে নিরাপদ মনে করছেন না তিনি। তাঁরা থাকলে নিরাপত্তার জন্য হল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন বলে জানিয়েছেন তিনি।

অভিযুক্ত তিন শিক্ষার্থী বলেন, তাঁরা মাকড়সার প্রতি ভুক্তভোগীর তীব্র ভীতির বিষয়টি আগে জানতেন না। নিছক মজা করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এ জন্য তাঁরা ভুক্তভোগীর কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দিয়েছেন তাঁরা।

অভিযুক্তদের মধ্যে একজন বলেন, মজাটি তিনি ও তাঁর এক বন্ধু করেছেন, তৃতীয়জন এতে জড়িত ছিলেন না। আরেকজন বলেন, তিনি এতে জড়িত নন, শুধু মজা করেছেন। তাঁরা ভুক্তভোগীর কাছে গিয়ে তাঁর অবস্থা দেখেছেন বলে জানান।

বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ফিরোজা আক্তার খানম বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি, প্রক্টর ও আবাসিক শিক্ষকেরা উভয় পক্ষকে নিয়ে বৈঠক করেন। সেখানে অভিযুক্ত তিনজন তাঁর সামনে ক্ষমা চান। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো রকম অভিযোগ এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, মঙ্গলবার বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা তাঁদের কাজের জন্য অনুতপ্ত। বুধবার আবারও বৈঠক হবে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

বুধবার আবারও উভয় পক্ষকে নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিষয়টি পুরোপুরি সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর।