মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হারানো মার্কশিট তুলতে আর লাগবে না বিজ্ঞাপন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১১:৪২ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হারানো মার্কশিট তুলতে আর লাগবে না বিজ্ঞাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হারানো মার্কশিট পুনরায় তুলতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মার্কশিট হারানো শিক্ষার্থীদের বাড়তি খরচ ও প্রক্রিয়াগত ভোগান্তি কমবে।

সোমবার (২৩ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সপ্তম কেবিনেটের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

আব্দুল্লাহ আল নোমান জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে হারানো মার্কশিট আবার তোলার জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নিয়ম চালু ছিল। ওই নিয়মের কারণে শিক্ষার্থীদের একদিকে জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, অন্যদিকে বিজ্ঞাপন ছাপাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতো।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিয়মটি বাতিলের অনুরোধ জানানো হয়েছিল বলে জানান তিনি। শিক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে কর্তৃপক্ষ মার্কশিট পুনরায় ইস্যুর ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে। এর ফলে এখন থেকে হারানো মার্কশিট তুলতে শিক্ষার্থীদের আর পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে না।

রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষার্থী আহনাফ বলেন, এটি ভালো উদ্যোগ। আগে মার্কশিট তুলতে বিশ্ববিদ্যালয়ে আসতে হতো, এখন তা অনলাইনে করা হয়েছে। আবার হারালেও খারাপ পরিস্থিতিতে বা পত্রিকায় বিজ্ঞাপনের ঝামেলায় পড়তে হবে না, সহজে অনলাইনে আবেদন করা যাবে।

আরেক শিক্ষার্থী জেরিন বলেন, এটি ভালো উদ্যোগ এবং এতে মার্কশিট হারালেও বাড়তি দুশ্চিন্তায় পড়তে হবে না।