মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,

সেন্টমার্টিনে বর্জ্য ফেলায় সেন্ট ক্যাসেল রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ১০:৪৩ এএম

সেন্টমার্টিনে বর্জ্য ফেলায় সেন্ট ক্যাসেল রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা

সেন্টমার্টিনে বর্জ্য ফেলায় বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের দায়ে সেন্ট ক্যাসেল নামের একটি রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দক্ষিণপাড়া সৈকতে অভিযান চলে। নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।

অভিযানের সময় অনিয়মের অভিযোগ প্রথমে অস্বীকার করেছিল রিসোর্ট কর্তৃপক্ষ। পরে সরেজমিন তদারকিতে দেখা যায়, পাম্পের মাধ্যমে সমুদ্রে বর্জ্য ফেলতে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের প্রমাণও মেলে। এসব কারণে রিসোর্টটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

কয়েকটি রিসোর্টের বর্জ্য ব্যবস্থাপনায় অসংগতি ও পরিবেশগত দিকগুলোও পর্যালোচনা করে দলটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার মুচলেকা নেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এর আগে সৈকতের বালুচরে বিধিনিষেধ অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। নিষিদ্ধ এলাকায় ট্রলিং পদ্ধতিতে মাছ ধরার অভিযোগে আল্লাহর দয়া-৬ নামের একটি ফিশিং ট্রলারও আটক করে কোস্ট গার্ড।

ওই ট্রলারের চালককে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে চালককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।