নভেম্বর ২৩, ২০২৬, ০৮:৫৬ পিএম
কুতুবখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার ২৩ নভেম্বর রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এই পুনঃখনন কর্মসূচির সূচনা হয়।
শুধু সিটি কর্পোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
অনুষ্ঠানে মো. আবদুস সালাম বলেন, জনগণ সচেতন না হলে এবং নিজেদের ভালো নিজেরা না বুঝলে নাগরিক জলাবদ্ধতা ও বর্জ্য সমস্যার টেকসই সমাধান আসবে না। তাঁর মতে, রাজধানীর পানি নিষ্কাশনের প্রধান মাধ্যমগুলোর মধ্যে কুতুবখালী খাল অন্যতম। খালটি আগেও একাধিকবার পরিষ্কার করা হয়েছে, এমনকি তিনি দায়িত্ব নেওয়ার পরও উদ্যোগ নেওয়া হয়। পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে খালটি বারবার ভরাট হয়ে যাচ্ছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে প্রশাসক আরও বলেন, খাল পরিষ্কার ও খননের পর কেউ যেন আবার পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট না বসায়, সেদিকে নজর দিতে হবে। এ লক্ষ্যে এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, পরনির্ভরশীলতা না রেখে নিজেদের পায়ে দাঁড়াতে এবং নিজের দেশ নিজেরাই গড়তে হবে। এজন্য সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকতে হবে, যাতে তিনি সফল হতে পারেন।
বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে ড্রেন ও খাল পরিষ্কার করলে ডেঙ্গুর হাত থেকে নগরবাসীকে রক্ষা করা যাবে। এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই উল্লেখ করে তিনি জানান, সিটি কর্পোরেশন সব সময় সবার পাশে আছে এবং থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন