নভেম্বর ২৩, ২০২৬, ০৬:০৫ পিএম
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়নের চার দিনের মাথায় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে। সোমবার ২৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ওএসডি হিসেবে পদায়ন করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. জাহিদা বেগমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করা হলো। একই সঙ্গে তাকে ওই দিনই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়ন করা হয়েছিল। চার দিনের মাথায় নতুন আদেশে সেই পদায়ন পরিবর্তন করা হলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় ড. জাহিদা বেগমের বিরুদ্ধে প্রশিক্ষণের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, ভুয়া বিল-ভাউচার তৈরি, বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনের অভিযোগ ওঠে। এর মধ্যে তাকে এনসিটিবিতে পদায়নের সিদ্ধান্ত সামনে এলে তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়। সেই সমালোচনার মধ্যেই চার দিনের মাথায় তাকে ওএসডি করার আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন