নভেম্বর ২৩, ২০২৬, ০৬:০০ পিএম
স্পেনের ২৯ নভেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন রক্ষণশীল পিপলস পার্টির নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো। তবে নির্বাচনে জয়ী হলেও সরকার গঠনের জন্য তাকে কট্টর ডানপন্থী দল ভক্সের সমর্থন নিতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
এমন বাস্তবতায় মধ্যপন্থী ভোটারদের আস্থা ধরে রাখা এবং ডানপন্থী ভোট নিজেদের দিকে টানার দ্বিমুখী কৌশলে প্রচার চালাচ্ছেন ৬৫ বছর বয়সী এই রাজনীতিক।
গত সপ্তাহে টেলিভিশন বিতর্কে আলবার্তো ফেইখোর দুই ধরনের রাজনৈতিক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। একদিকে তিনি নিজেকে অবকাঠামো পরিচালনা ও সংকট মোকাবিলায় দক্ষ প্রশাসক হিসেবে তুলে ধরেন। অন্যদিকে অভিবাসন ইস্যুতে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের তীব্র সমালোচনা করে তাকে মানব পাচারকারীদের জন্য উপহার বলে মন্তব্য করেন।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরেন্সে প্রদেশে জন্ম নেওয়া ফেইখো রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। গালিসিয়ার স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর তিনি স্পেনের রাষ্ট্রীয় ডাক বিভাগের প্রধান হন। ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত গালিসিয়ার আঞ্চলিক সরকারের নেতৃত্ব দিয়ে টানা চারবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন এবং দক্ষ প্রশাসক হিসেবে পরিচিতি পান।
২০২২ সালে পিপলস পার্টির নেতৃত্বে আসার সময় তাকে দলের মধ্যপন্থীদের প্রতিনিধি হিসেবে দেখা হয়েছিল। কট্টর ডানপন্থী ভক্সের উত্থানে ভোট হারানোর আশঙ্কায় অভিবাসন, দুর্নীতি ও সমাজতন্ত্রীদের বিরুদ্ধে তার বক্তব্য ক্রমেই কঠোর হয়েছে।
২০২৩ সালের নির্বাচনে পিপলস পার্টি ১৩৭টি আসন পেলেও ভক্সের সমর্থন নিয়েও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬ আসন নিশ্চিত করতে পারেনি। এবার জনমত জরিপে পিপলস পার্টি ১২৭ এবং ভক্স ৬৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, ফলে দুই দল একজোট হলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে পারে।
ফেইখো এককভাবে সরকার গঠনের পক্ষে থাকলেও ভক্সের সঙ্গে আনুষ্ঠানিক জোটের সম্ভাবনা নাকচ করেননি। স্পেনের চারটি অঞ্চলে ইতোমধ্যে দুই দল একসঙ্গে সরকার পরিচালনা করছে।
পররাষ্ট্রনীতিতে পেদ্রো সানচেজের তুলনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা এবং ইউক্রেনকে সমর্থনের ওপর জোর দিতে পারেন ফেইখো। তবে প্রতিরক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের ৫ শতাংশ ব্যয়ের বিষয়ে এখনও স্পষ্ট প্রতিশ্রুতি দেননি তিনি। প্রচারের শেষ বিতর্কে তার বক্তব্য ছিল, ট্রাম্পকে নিয়ে কম কথা, ট্রেন নিয়ে বেশি আলোচনা হওয়া উচিত।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন