নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৫৪ পিএম
ভারত-নেপাল দ্বিপক্ষীয় বৈঠকে নেপালের উন্নয়ন ও পুনর্গঠনের জন্য প্রায় ১৫ হাজার কোটি রুপির বা ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার কোটি টাকা। সোমবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের বৈঠক শেষে এই ঘোষণা আসে এবং দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক সই হয়। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বালেন্দ্র শাহের এটি প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।
বৈঠকের পর দুই নেতা যৌথভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন। নতুন কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।
যৌথ বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন, নেপালের জনগণ এ বছর বালেন্দ্র শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছে, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন। ৩৫ বছর বয়সী এই নেতার উন্নয়ন ভাবনার প্রশংসা করে মোদী জানান, কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে শাহের বক্তব্যে দৃষ্টিভঙ্গি ও দূরদর্শিতার পরিচয় মিলেছিল। গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তার সুস্পষ্ট ভাবনা ও অঙ্গীকার অনুভব করার কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।
সম্পর্ককে আস্থার বন্ধন হিসেবে উল্লেখ করে মোদী বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশী নয়, বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিশ্বাস ও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। দুই দেশের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ একই রকম উল্লেখ করে তিনি বলেন, কঠিন সময়ে তারা একে অপরের পাশে দাঁড়ায়।
নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি পুনর্গঠন ও উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন প্যাকেজ ঘোষণা করেন।
জ্বালানি ও নিত্যপণ্য সরবরাহ প্রসঙ্গে মোদী বলেন, ভারত বহু বছর ধরে নেপালকে নির্ভরযোগ্যভাবে জ্বালানি তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে আসছে। ভারতের প্রতিবেশী প্রথম নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছর তেল সরবরাহে গুরুতর চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নেপালে জ্বালানি, সার ও অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখা হয়েছে বলে তিনি জানান।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে উষ্ণ আতিথেয়তার জন্য ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বালেন্দ্র শাহ। পাশাপাশি নরেন্দ্র মোদীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।
বালেন্দ্র শাহ বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত। তাদের ঘনিষ্ঠতা এত গভীর যে তা শুধু কথায় প্রকাশ করা কঠিন। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ভারত সবসময় প্রথম সাড়া প্রদানকারী হিসেবে পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি এবং এজন্য ভারতের সরকার ও জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
দ্বিপক্ষীয় বৈঠকের পর স্বাক্ষরিত আটটি সমঝোতা স্মারকের আওতায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন, আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যৌথভাবে উদ্বোধন করা যোগাযোগ ও জ্বালানি প্রকল্প এবং নতুন ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগের মাধ্যমে দুই দেশের সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন