নভেম্বর ২৩, ২০২৬, ০৩:৪৩ পিএম
সংবিধান সংস্কার কমিটিকে এক দলীয় বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি এ দাবির কথা জানান।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিল।
তার ভাষ্য অনুযায়ী, বৈঠকে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে, যার ভুক্তভোগী সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।
বিভিন্ন জায়গায় সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করে নাহিদ ইসলাম বলেন, এ থেকে কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব এবং একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কি না তা নিয়ে কথা হয়েছে, পাশাপাশি প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো তুলে ধরেছেন।
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন