নভেম্বর ২৩, ২০২৬, ০২:৫৬ পিএম
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দান অবমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকাল ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
বিক্ষোভে দিনাজপুরের বড় মাঠ দিনাজপুরবাসীকে ফিরিয়ে দেওয়ার স্লোগান দেওয়া হয়।
বক্তারা বড় মাঠ অবমুক্ত করে খেলাধুলা ও ধর্মীয় অনুষ্ঠানসহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।
তাদের ভাষ্য, শত বছরের ঐতিহ্যবাহী এই মাঠ দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। বক্তারা অভিযোগ করেন, মালিকানা-সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে চলতি বছরের জানুয়ারি থেকে একটি সংস্থা সেখানে ক্যাম্প স্থাপন করে মাঠের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে, যার ফলে গোর-এ শহীদ ঈদগাহ ময়দান, শহীদ মিনার এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টসহ মাঠকেন্দ্রিক নানা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।
অবস্থান কর্মসূচিতে ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়। বক্তারা বলেন, শিশু-কিশোর, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের মানুষের একটাই দাবি, তাদের মাঠ যেন তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
দ্রুত মাঠটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে অবমুক্ত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় প্রয়োজনে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুস সামাদ, গোলাম নবী দুলাল, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলী মঙ্গোলিয়া এবং মাঠ রক্ষা কমিটির সদস্যসচিব রেহাতুল ইসলাম খোকা।
অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঠটি দ্রুত অবমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাফিজুর রহমান জানান, বড় মাঠ অবমুক্ত করার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি জেলা প্রশাসন বিবেচনা করছে।
প্রায় ২৩ একর জমির ওপর অবস্থিত দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান খেলাধুলা ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন