রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

প্রতিবন্ধী যুবদের দক্ষতা প্রশিক্ষণে কাহারোলে দীপশিখার অ্যাডভোকেসি সভা

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২২, ২০২৬, ০২:৪২ পিএম

প্রতিবন্ধী যুবদের দক্ষতা প্রশিক্ষণে কাহারোলে দীপশিখার অ্যাডভোকেসি সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী যুব ও তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তিমূলক দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষণের সুযোগ তৈরিতে দিনাজপুরের কাহারোলে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। কাহারোল উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীমের সভাপতিত্বে সভাটি হয়।

দীপশিখার আয়োজনে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের সহযোগিতায় এবং লিলিয়ানে ফন্ডস নেদারল্যান্ডসের অর্থায়নে এ আয়োজন করা হয়। কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশনের সব ক্ষেত্রে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা। প্রকল্পের বিভিন্ন স্তরের কর্মী, প্রতিবন্ধী যুব, কেয়ারগিভার, ইউথ ক্লাব ও ইমপ্যাক্ট গ্রুপের সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

সভা সমন্বয় ও পরিচালনার দায়িত্বে থাকা দীপশিখার প্রজেক্ট কোঅর্ডিনেটর হিমাংশু দেব দত্ত রায় প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের জীবিকায়ন ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রতিবন্ধী যুব ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পেলে টেকসই উন্নয়নে তারা বড় অবদান রাখতে পারবেন। প্রতিবন্ধী যুবদের সক্ষমতা বিকাশ, আত্মবিশ্বাস বাড়ানো এবং সামাজিক ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, কমিউনিটি গ্রুপ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দেন তিনি।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রুকুনুজ্জামান জানান, প্রতি তিন মাস পরপর অনলাইনে বিভিন্ন দক্ষতা প্রশিক্ষণের ফরম পূরণ করে যেকোনো যুব এই সুযোগ নিতে পারেন।

আগামী বছরের জন্য আটটি ব্যাচভিত্তিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৩০ জন প্রতিবন্ধী যুবকে নিয়ে প্রকল্প থেকে কমিউনিটি ভিত্তিক ব্যাচ প্রস্তুত করে দিলে উপজেলা যুব উন্নয়ন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবে।

সভাপতির বক্তব্যে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম স্থানীয় অংশীজনদের কার্যকর সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, প্রতিবন্ধী যুবদের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করা, তাদের সক্ষমতা ও আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের পরিবেশ গড়ে তোলা অত্যন্ত যুগোপযোগী।