সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬,

মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা, শুটিং শুরু

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৬, ০১:৫৩ পিএম

মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা, শুটিং শুরু

মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজের তৃতীয় সিজনে রাফিয়াত রশিদ মিথিলার পরিবর্তে যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা। এরই মধ্যে সিরিজটির শুটিং শুরু হয়েছে এবং নাম ভূমিকায় আগের মতোই থাকছেন নাসির উদ্দিন খান।

বাংলাদেশের ওটিটি মাধ্যমে আলোচিত চরিত্র অ্যালেন স্বপন। ২০২২ সালে সিন্ডিকেট সিরিজে প্রথমবার এই চরিত্রটি দর্শকের সামনে আসে। পরে ওই চরিত্রকে কেন্দ্র করে নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করেন আলাদা সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপন, যা ব্যাপক সাড়া ফেলে এবং নাসির উদ্দিন খান দর্শকের প্রশংসা কুড়ান।

গত বছর চরকিতে মুক্তি পায় সিরিজটির দ্বিতীয় সিজন। সেই ধারাবাহিকতায় এবার আসছে তৃতীয় অধ্যায়।

আগের দুই সিজনে অ্যালেন স্বপনের পাশে শায়লা চরিত্রে অভিনয় করেছিলেন মিথিলা। নতুন পর্বে তিনি না থাকায় তার জায়গায় নেওয়া হয়েছে প্রভাকে।

এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা শিহাব শাহীন বলেন, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর নিশ্চিত করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তাদের নিজস্ব জনসংযোগ ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকেই জানানো হবে।

পরে চরকির সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে মাইশেলফ অ্যালেন স্বপনের তৃতীয় সিজনে প্রভা থাকছেন।

মিথিলার অনুপস্থিতির কারণ হিসেবে জানা গেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। সেখানকার ব্যস্ততার কারণেই তার পক্ষে দেশে ফিরে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

এ কারণেই প্রভাকে চূড়ান্ত করেছেন নির্মাতা। চলতি মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে এবং ডিসেম্বরের মাঝামাঝি শুটিং শেষ হওয়ার পরিকল্পনা রয়েছে।

নাসির উদ্দিন খান ও প্রভার পাশাপাশি এতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবিসহ আরও অনেকে। আগামী ঈদুল ফিতরে সিরিজটি চরকিতে মুক্তি পাবে।