রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

বিজয় দেবেরাকোন্ডার অনুভূতির প্রশংসায় রাশমিকা মান্দানা, কাটল বিতর্ক

বিনোদন ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০৩:৪৫ পিএম

বিজয় দেবেরাকোন্ডার অনুভূতির প্রশংসায় রাশমিকা মান্দানা, কাটল বিতর্ক

স্বামী বিজয় দেবেরাকোন্ডার প্রশংসা করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। মুখে না বললেও বিজয় যে তাঁর জন্য অনুভব করেন, তা বুঝতে পারেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। বিজয়ের সেই গভীর টানই সবচেয়ে বেশি ভালোবাসেন বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন ছবি মাইসার প্রচারের মাঝে একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন রাশমিকা।

বিজয়ের কোন অভ্যাসটি তাঁর সবচেয়ে ভালো লাগে, এমন প্রশ্নে রাশমিকা বলেন, সাধারণত তাঁকে এমন প্রশ্ন করা হয় না। বরং সবাই জানতে চায়, বিজয়ের কোন বিষয়টি তাঁর অপছন্দ।

রাশমিকার ভাষায়, বিজয়ের মধ্যে ভালোবাসার মতো অনেক কিছুই আছে। তার মধ্যে একটি হলো বিজয়ের অনুভূতি। তিনি জানান, বিজয় মুখে কিছু বলেন না, কিন্তু তাঁর অনুভূতি তিনি দেখতে ও বুঝতে পারেন। এটি ভাসা-ভাসা কোনো বিষয় নয়, বরং ভালোবাসার আলাদা একটি স্তর।

সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী, সে প্রসঙ্গেও কথা বলেন রাশমিকা। তাঁর মতে, একটি সম্পর্ক মানে একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ থাকা এবং পরস্পরকে বোঝা। খাবার ও স্বপ্ন থেকে শুরু করে জীবনের নানা বিষয় একসঙ্গে ভাগ করে নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। রাশমিকা বলেন, একে অপরকে বুঝতে পারলে তবেই সম্পর্ক তৈরি হয়। বিয়ের সময় ঘনিয়ে এলে বিষয়টি বোঝাপড়ার স্তরে পৌঁছে যায়, তখন আর মুখে বলে বোঝানোর প্রয়োজন পড়ে না।

চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ের পর কফি উইথ করণ অনুষ্ঠানে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বিজয় ও রাশমিকা। বিশেষ করে বিজয়ের কিছু মন্তব্য ও আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়।

ওই সময় তারকা দম্পতি ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি দিতে বাধ্য হন। ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টের বিরুদ্ধে হায়দরাবাদ সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করে তাঁদের টিম।

অনুষ্ঠানে বিজয় মন্তব্য করেছিলেন, বিয়ের কথা ভাবার আগে এক বছরে রাশমিকা তাঁকে ১০০ বার প্রস্তাব দিয়েছিলেন। প্রাক-বিয়ের অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসার প্রসঙ্গও তোলেন তিনি। এ ছাড়া রাশমিকার আঙুলে থাকা অন্য একটি আংটিকে বাগদানের আংটি ভেবে অনেকের ধারণা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজয় এবং সেটি তাঁর রুচির সঙ্গে যায় না বলে মন্তব্য করেছিলেন। সেই বিতর্কের রেশ কাটিয়ে এখন নিজেদের বোঝাপড়া ও ভালোবাসার কথাই সামনে আনলেন রাশমিকা।