রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

জেমসের গান সংরক্ষণে জেমস ফাউন্ডেশন, নতুন বছরে আনুষ্ঠানিক ঘোষণা

বিনোদন ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ১২:০৫ পিএম

জেমসের গান সংরক্ষণে জেমস ফাউন্ডেশন, নতুন বছরে আনুষ্ঠানিক ঘোষণা

জেমসের গান এবং তাঁর সংগীতের নানা তথ্য সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলা ব্যান্ড সংগীতের এই শিল্পী চার দশকেরও বেশি সময় ধরে গান ও পরিবেশনায় শ্রোতাদের মাতিয়ে রেখেছেন।

জেমস ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়ার কাজ চলছে। নতুন বছরের শুরুতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন।

গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর রবিন এ তথ্য নিশ্চিত করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অনেক দিন ধরেই ফাউন্ডেশনটি গড়ে তোলার পরিকল্পনা চলছিল।

রবিন ঠাকুর বলেন, দেশের মানুষের ভালোবাসার দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেমসের গানগুলো ঠিকভাবে সংরক্ষিত রেখে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে রাখার কাজ করবে ফাউন্ডেশন, পাশাপাশি দেশের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করার পরিকল্পনাও রয়েছে।

আশির দশকের শুরুতে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকালিস্ট হিসেবে ব্যান্ড সংগীতে যাত্রা শুরু করেন জেমস। পরে নগরবাউল জেমস নামে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি এবং চার দশক পেরিয়ে এখনো দেশ-বিদেশের শ্রোতাদের সামনে নিয়মিত কনসার্ট করে চলেছেন।