নভেম্বর ২২, ২০২৬, ০৯:১১ পিএম
স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রায় পৌনে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন, পরে সিটি করপোরেশনের প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
রোববার ২২ নভেম্বর দুপুর ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত বগুড়া শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচি চলে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
নিহত মনিরুল ইসলাম গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকায় বসবাস করতেন।
বিক্ষোভ চলাকালে গালিবের মা ময়না কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানান।
এম আর ইসলাম স্বাধীন বলেন, একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, শুধু মা আছেন। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারেও কাজ চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে।
হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে একজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ তুলে তাকে দল থেকে বহিষ্কারের জন্য বলা হয়েছে বলেও জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না উল্লেখ করে বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করেন প্রশাসক।
ঘটনার প্রেক্ষাপট হিসেবে জানা যায়, গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। ওই সময় স্থানীয় যুবক মিশু (২১) তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিশু ও বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় গালিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন