নভেম্বর ২২, ২০২৬, ০৯:২২ পিএম
কবিতার ভুবনে বড় বা ছোট কবির কোনো তারতম্য থাকে না, বরং প্রতিটি কবিই নিজস্ব স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুরুতেই নিজেকে সাহিত্য বা কবিতার তাত্ত্বিক মানুষ হিসেবে না দেখার কথা স্পষ্ট করেন তিনি।
রিজভী জানান, শাহিন রেজা যেভাবে তাঁকে উপস্থাপন করেছেন, বাস্তবে তিনি মোটেও কবিতা বা সাহিত্যের মানুষ নন। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, সেই ব্যাকরণ তাঁর জানা নেই এবং সাহিত্য আলোচনা বা উপস্থাপনার ধরনও আলাদা।
ছোটবেলা থেকে কবিদের সম্পর্কে নিজের পুরোনো ধারণার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, অনেকের মতো তাঁরও ধারণা ছিল কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত হন, চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন হয় এবং এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না। তবে রেজাউদ্দিন স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। জীবনযাপন ও চলাফেরায় সমাজের অগ্রগণ্য মানুষ হিসেবে কবিরা যে স্মার্ট ও পরিচ্ছন্ন হতে পারেন, স্টালিন তার উদাহরণ বলে মন্তব্য করেন রিজভী।
কবিতার প্রেরণা ও নারী প্রসঙ্গে নিজের এক শিক্ষকের পরামর্শের কথাও অনুষ্ঠানে জানান তিনি। রিজভী বলেন, বিখ্যাত কবিদের অনেক সময় সাবধানে চলতে হয়, কারণ কবিতা লেখার প্রেরণায় অনেক নারী বন্ধু জুটতে পারেন। কিন্তু তাঁর এক বাংলার শিক্ষক বলেছিলেন, কবিদের বেশি জড়িয়ে পড়া উচিত নয়; প্রেরণায় নারীরা এলেও বেশি গভীরে গেলে কাব্যপ্রতিভা নষ্ট হয়ে যেতে পারে। পুকুরে ঢিল ছুড়ে পাশ দিয়ে চলে যাওয়ার মতো করে বিষয়টি সামলানোর কথা উল্লেখ করেন তিনি।
কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের নানা দিকও প্রশংসা করেন রিজভী। তিনি বলেন, সবার সঙ্গে স্টালিনের চমৎকার সম্পর্ক রয়েছে এবং কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করলে তাঁর মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কাউকে পাওয়া কঠিন হতো। প্রচণ্ড সামাজিক হলেও দিনশেষে স্টালিন স্ত্রী ও কন্যার কাছে ফিরে যান, এমনকি আড্ডার মধ্যেও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা মাথায় রাখেন এবং বাজার নিয়েই বাড়ি ফেরেন, যা তাঁর অসাধারণ একটি গুণ।
স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী জানান, কবিতার গভীরে যেতে না পারলেও তিনি একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। এরশাদবিরোধী আন্দোলনের সময় ও কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাঁকে অনুপ্রাণিত করত। তখন ভিন্ন ভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অভিন্ন লক্ষ্যে একত্রিত হয়েছিলেন তাঁরা এবং বন্ধু, সহপাঠী ও সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও সেসব কবিতা আবৃত্তি করতেন বলে জানান তিনি।
কবি স্টালিনকে স্বায়ত্তশাসিত ও সার্বভৌম কবি হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, স্টালিন কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছেন, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। নিজের সার্বভৌম সত্তাকে কখনো বিসর্জন না দেওয়ার কারণেই তিনি নিজস্ব একটি কাব্যধারা তৈরি করতে পেরেছেন।
বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তর হতে আহরি বচন, আনন্দলোকে করি বিরচন পঙক্তি উদ্ধৃত করে রিজভী বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে সেই আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন