শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,

শেখ হাসিনা ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন বলে দাবি রিজভীর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৯:২২ পিএম

শেখ হাসিনা ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন বলে দাবি রিজভীর

শেখ হাসিনা ভারত থেকে পালিয়ে গিয়ে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে প্রয়াত মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভীর দাবি, ছাত্র-জনতার তাড়া খেয়ে দেশ ছাড়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে এসব কর্মকাণ্ডে ইন্ধন জোগাচ্ছেন।

দেশে ও প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তিগুলো সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, তাদের কাছে অবৈধ টাকার অভাব নেই এবং সেই অর্থ খরচ করে সন্ত্রাসী টোকাইদের দিয়ে বাড়ি ও গাড়িতে আগুন লাগানো হচ্ছে। শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িই নয়, গণতান্ত্রিক সংগ্রামে যুক্ত থাকা অন্য দলের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। আন্দোলনকে বেগবান করতে শেখ হাসিনার লাশ প্রয়োজন এবং তার দলের নেতাকর্মীর লাশ হলেই তিনি সন্তুষ্ট হন বলেও মন্তব্য করেন রিজভী।

প্রয়াত তরিকুল ইসলামকে স্মরণ করে রিজভী বলেন, আজীবন সংগ্রামী এই নেতা মা, মাটি ও মানুষের স্বার্থে রাজনীতি করেছেন এবং যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। গণতন্ত্রের লড়াইয়ে আমৃত্যু সক্রিয় থাকার পাশাপাশি খালেদা জিয়া আন্দোলন-সংগ্রামের ডাক দিলে প্রথমেই তরিকুল ইসলামের নাম নিতেন বলে জানান তিনি। এমনকি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেও খালেদা জিয়া তাকে গণতান্ত্রিক আন্দোলনের দায়িত্ব দিয়েছিলেন এবং সেখান থেকেই তিনি আন্দোলন পরিচালনা করেন বলে উল্লেখ করেন রিজভী। তার ভাষায়, তরিকুল ইসলাম কখনো দলের সঙ্গে বিশ্বঘাতকতা করেননি।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, জেলা জামায়াতের আমির গোলাম রসুল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত নেতার সহধর্মিণী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং ছেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।