শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬,
নতুন উপজেলা ও সড়ক

বগুড়ায় ৫ ডিসেম্বর যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৬, ০৮:৪৫ পিএম

বগুড়ায় ৫ ডিসেম্বর যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন বলে জানানো হয়েছে। ওই দিন জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সফরে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। সে সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার নামফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হবে।

ছয় লেন সড়ক প্রকল্প প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও জানান, মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার কাজও প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু হবে এবং এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করবেন বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে, এমন তথ্য দিনাজপুর টিভি ডট কমের পর্যালোচনায় উঠে এসেছে।