নভেম্বর ২০, ২০২৬, ০৯:১৭ পিএম
চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে ২০ বছর বয়সী এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পোস্ট অফিস বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ আল আমিন।
তিনি বাসুদেবপুর পোস্ট অফিস এলাকার মোঃ শরিফ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চিরিরবন্দর থানার উপপরিদর্শক মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাসুদেবপুর পোস্ট অফিস বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। সে সময় বাজারের ভেতরে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া দখলে রাখা ও সেবনের অভিযোগে আল আমিনকে আটক করা হয়।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্ত আল আমিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ, টাইলসের ভাঙা একটি টুকরো এবং একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে।
চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন