নভেম্বর ১৯, ২০২৬, ০৩:৩৬ পিএম
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান ঠেকাতে রাতব্যাপী পৃথক অভিযানে ৮০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। গত ১৮ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে দিনাজপুরের বিরল ও ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।
জব্দকৃত মদের আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন এনায়েতপুর ও বাশালগাঁও বিওপির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবির উপস্থিতি ও তৎপরতা বুঝতে পেরে চোরাকারবারিরা সরে পড়ে, পরে সন্দেহজনক স্থানে তল্লাশি চালিয়ে মদের বোতলগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন